লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর একজনের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি - লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ি এলাকার প্রবাসী কিরণের বাড়ির ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বি সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটোয়ারি বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাব্বি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। শনিবার বিকেলে স্থানীয়রা চন্দ্রপ্রবাহ বাগ গ্রামের শেখের বাড়ির একটি ট্যাংকির ওপর রাব্বির মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
NATIONAL
মো. জাকির হোসেন
1/24/20261 min read